আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(৬ ও ৭ ফেব্রুয়ারি) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার আইনগত কাঠামো, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের সহায়তার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,
‘ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে। নির্বাচন আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করলে ভোটারদের আস্থা আরও দৃঢ় হবে।’
তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় সততা, ধৈর্য ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন গাজীপুর পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, বর্ডার গার্ড বাংলাদেশ গাজীপুর ৬৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাপাসিয়া আর্মি ক্যাম্প কমান্ডারকমান্ডার মেজর মহীউদ্দীন আলমগীর। তাঁরা নির্বাচনী নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
কর্মশালা শেষে জেলা প্রশাসক কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে স্থাপিত বিজিবি বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হবেন এবং এর ফলে কাপাসিয়া উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্টাফ রিপোর্টার 



